ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বেশির ভাগ শেয়ারের দর কমেছে। সপ্তাহের শুরুতে গতকাল রবিবার আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১০৩ কোটি ৭৮ লাখ টাকা। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ৩১ পয়েন্ট কমেছে। গত ৩৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন লক্ষ করা গেছে ডিএসইতে। অর্থাত্ এবছরের মধ্যে গতকাল সবচেয়ে কম লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৩টি কোমপানির ১১ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৮০ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৫৭১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৯৯৬ দশমিক ৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৩১২ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, বিএসসিসিএল, কেপিসিএল, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, লিগেসী ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডা., ন্যাশনাল পলিমার ও মুন্নু স্টাফলার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, সাভার রিফ্রেক্টরিজ, ইমাম বাটন, মেঘনা কন্ডেন্সড মিল্ক, এমারেল্ড অয়েল, ইউনাইটেড ফাইন্যান্স, লিগেসি ফুটওয়্যার, শ্যামপুর সুগার, বীচ্ হ্যাচারি, ডেল্টা স্পিনার্স ও বিআইএফসি।
এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৪১ পয়েন্ট কমে ১০ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ৬২টি শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৬৯টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দাম।
