ঘুরে দাঁড়াতে চায় আর্জেন্টিনা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ০৯:৫৬

ব্রাজিল গত শনিবার প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর পর সিঙ্গাপুরে আজ এশিয়ার জায়ান্ট জাপানের মুখোমুখি হচ্ছে। সিঙ্গাপুর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই খেলাটিতেও জয় প্রত্যাশা করছে কার্লোস দুঙ্গার দল। হংকং স্টেডিয়ামে দিনের অপর প্রীতিম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তাদের লক্ষ্য আগের খেলায় ব্রাজিলের বিরুদ্ধে হারটা ঘুচিয়ে তোলা।
ব্রাজিলের বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারছে না জাপান। ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে পারছেন না দলটির অন্যতম সেরা তারকা শিনজি কাগাওয়া। গত শুক্রবার জ্যামাইকার বিরুদ্ধে প্রীতিম্যাচে খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চিবুকে আঘাত পান তিনি। জাভিয়ের অ্যাগুইরে জাপানের কোচের আসনে বসার পর জ্যামাইকার বিরুদ্ধে খেলাটিই ছিল তার দলের প্রথম লড়াই। নিজেদের মাঠে অনুষ্ঠিত ওই লড়াইয়ে প্রতিপক্ষ দলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জয় পায় জাপান।
কাগাওয়াকে না পেলেও খুব বেশি চিন্তিত নন জাপান কোচ অ্যাগুইরে। কিওডো নিউজকে তিনি বলেন, ‘আমি বরাবরের মতোই নিশ্চিন্ত। ওই ফল (জ্যামাইকার বিরুদ্ধে) আমাদের খেলাকে প্রতিফলিত করেনি। আমি মনে করি খেলাটিতে আমরা চারটি গোলের সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। দল যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট ছিলাম। যদিও এই ফলে আমি সন্তুষ্ট নই।’
মেক্সিকান কোচটি আরো বলেন, ‘জ্যামাইকার বিরুদ্ধে যেভাবে খেলেছি সেভাবে খেললে ব্রাজিলের বিরুদ্ধে আমরা একটি সুযোগ হলেও পাবো। জ্যামাইকার বিরুদ্ধে আমরা ২০টি শট নিয়েছিলাম। ব্রাজিলের বিপক্ষে একটি শট হলেও পেতে পারি এবং ওই সুযোগটাই কাজে লাগানো দরকার আমাদের।’
বেইজিংয়ে গত শনিবার আর্জেন্টিনার বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়ায় ব্রাজিলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ফলে জাপানের সঙ্গে লড়াইয়েও আর্জেন্টিনার বিপক্ষের দলটিতে কোনো পরিবর্তন আনছেন না কোচ দুঙ্গা। সুপারক্লাসিকোতে দু’টি গোল করে জাতীয় দল ব্রাজিলের হয়ে গোলের খাতা খুলেন দিয়েগো টারডেলি। জাপান লড়াইয়েও এই স্ট্রাইকারটির দিকে নজর থাকছে। গত জুলাইয়ে নিজেদের মাঠে বিশ্বকাপ ব্যর্থতার পর ২৯ বছর বয়সী খেলোয়াড়টিকে ফ্রেডের পরিবর্তে বেছে নেন কোচ দুঙ্গা। বিখ্যাত হলুদ জার্সি পরে নিজের যোগ্যতার প্রমাণ যথাযথভাবেই দিয়েছেন টারডেলি।
ব্রাজিল-জাপান অতীত লড়াইগুলোতে এগিয়ে ব্রাজিল। দু’দলের বিগত ১০ লড়াইয়ের মধ্যে আটটিতেই জয় পেয়েছে সেলেচাওরা। বাকি দু’টিই লড়াই ড্র হয়। তাই জাপানের লক্ষ্য থাকবে দক্ষিণ আমেরিকান জায়ান্টদের বিরুদ্ধে ব্যর্থতা কাটানো।
এদিকে, হংকং স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা। এই লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে সুপার ক্লাসিকোর পরাজয় কাটিয়ে তুলতে চায় তারা। ব্রাজিলের কাছে হারটা ছিল নতুন কোচ জেরার্ডো মার্টিনোর তত্ত্বাবধানে আর্জেন্টিনার প্রথম ব্যর্থতা।
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেননি। নৈপুণ্য দেখাতে পারেননি অধিনায়ক লিওনেল মেসিও। তার একটি পেনাল্টি আটকে দেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন। এসব ব্যর্থতা কাটিয়ে দুর্বল দল হংকংয়ের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে আবারো জ্বলে উঠতে চাইবে আর্জেন্টিনা।
যদিও ব্রাজিলের কাছে পরাজয়টাকে দুঃখ হিসেবে নিচ্ছেন না আর্জেন্টিনার ডিফেন্ডার পাবলো জেবালেতা। সাংবাদিকদের তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত খেলাটিতে আমরা কোনো গোল পায়নি। বিশেষ করে আমরা যে পেনাল্টিটি পেয়েছিলাম তা কাজে লাগাতে পারিনি। পেনাল্টিটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতো। দ্বিতীয়ার্ধে আমরা পাল্টা আক্রমণ থেকে নিজেদের কিছুটা সরিয়ে নিয়েছিলাম। তখন খেলাটি আমাদের জন্য আরো কঠিন হয়ে যায়। আমাদের খেলার মধ্যে যদি আরো কিছু উন্নতি করার সুযোগ থাকে তাহলে মঙ্গলবারের ম্যাচটিতে আমরা তা করবো। আমি পরাজয়কে ঘৃণা করি, বিশেষ করে ব্রাজিলের বিরুদ্ধে। কিন্তু পরাজয় শিক্ষারই অংশ।’—সকারওয়ে