৯ দফা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
দাবিগুলো হলো- অবিলম্বে পর্যাপ্ত স্থায়ী শিক্ষক ও জনবল নিয়োগ, অধ্যক্ষ অপসারণ, আগামী সেশনে নতুন তিনটি বিভাগ চালু করা, ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, অবিলম্বে সরকারি অর্থ বরাদ্দ করা, নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা, বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা, ওয়াইফাই চালু করা এবং ক্যাম্পাসে মসজিদ স্থাপন করা।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল হোসাইন বলেন, কলেজটিতে কোন সুনির্দিষ্ট সরকারি অর্থ বরাদ্দ না হওয়ায় অতিথি শিক্ষকদের সম্মানীর মোটা অংকের অর্থ শিক্ষার্থীদের বহন করতে হয়। তিনটি হলের কোনটিতেই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা নেই। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী হাবিবুর রহমান, রিফাতুল করিম, মীর আরাফাত, পিউ এবং মীম বলেন, আমাদের কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া নিজস্ব নিরাপত্তারক্ষী না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সমস্যার সমাধান না হলে আমরা এখান থেকে যাব না।
