সৌদি আরবের রাজধানী রিয়াদে বন্দুকধারীরা যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে এবং অপর একজনকে আহত করেছে বলে জানিয়েছে পুলিশ। সৌদি-যুক্তরাষ্ট্র সখ্যতার বিরোধী ইসলামি চরমপন্থিরা বা আল কায়েদা সদস্যরা এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে ধাওয়া করে এবং গুলিতে আহত করে আটক করে।
সৌদি সমর্থন নিয়ে সিরিয়া ও ইরাকে চলা যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী বিমান হামলার প্রতিক্রিয়ায় এ ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর তুর্কি জানান, হামলার রহস্যটি সম্পর্কে কর্তৃপক্ষ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এক সৌদি নাগরিক ওই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
