গতকাল নাটোরের সিংড়ায় কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে তার আট বছর বয়সী মেয়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কামাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সিংড়া উপজেলার কালিনগর গ্রামের কামাল হোসেন তাঁর মেয়ে নাজনিন হোসেনকে (৮) বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে কালিনগর-বিলদহর সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে বাবা-মেয়েকে ঘিরে ধরে। একপর্যায়ে কামাল হোসেনকে গুলি করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মেয়ের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে কয়েক টুকরো করা হয়। এরপর লাশের টুকরোগুলো বস্তায় ভরে পাশের গুড়নাই নদে ফেলে দেওয়া হয়।
ঘটনার পরপরই নিহতের ছোট ভাই বদর উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অচেতন অবস্থায় পাওয়া ভাতিজি নাজনিনকে নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুড়নাই নদে একটি জালে আটকে থাকা অবস্থায় কামালের মস্তকহীন লাশ উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কামাল হোসেন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ১৯৯৫ সালে কামালের চাচা মোবারক হোসেন ওরফে মুবাকেও দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।
