জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর মকু মুন্সি বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ ও চারটি বসতঘর আংশিক ভস্মীভূত হয়। গতকাল রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
স্থানীয়রা জানান, ভোরে ওই বাড়ির মনির আহমদের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে বাড়ির অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে এলাকার লোকজন ছুটে আসে এবং আগুন নিভাতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে এক পর্যায়ে জেলা শহর মাইজদীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বসতঘরগুলো পুড়ে যায়। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলের মধ্যে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কবিরহাট পৌর কর্তৃপক্ষ।
