যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম সাময়িকীর এ বছরের প্রভাবশালী ২৫ টিনেজারের তালিকায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে ও এবারের শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানে তালেবানের হামলা থেকে বেঁচে যাওয়া শান্তিতে নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাই। সোমবার প্রকাশিত ওই তালিকায় এই ২৫ জনের পরিবর্তে প্রকৃতপক্ষে ঠাঁই পেয়েছে ২৯ জন। কারণ কখনও দুই বোন ভাগ করে নিয়েছে একই স্থান, কখনও বা দুই সঙ্গী।
তালিকায় ওবামার দুই মেয়ে মালিয়া (১৬), সাশা(১৩), নিউ জিল্যান্ডের গ্রামি জয়ী গায়িকা লোর্দে (১৭), নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই (১৭) উল্লেখযোগ্য। তালিকায় সর্বকনিষ্ঠ সাশা ওবামা ও ফিলাডেলফিয়া বয়েজ বেসবল টিমের সদস্য ডেভিস। দু’জনেরই বয়স ১৩। এছাড়া রয়েছে জনপ্রিয় অনলাইন ম্যাগাজিন রুকির ফ্যাশন রাইটার ১৮ বছর বয়সী টভি গেভিনসন, ১৪ বছর বয়সী জেন্ডার অ্যাক্টিভিস্ট জ্যাজ জেনিংস, হংকংয়ের গণতন্ত্র কর্মী ১৮ বছরের যোশুয়া ওঙ্গ, ম্যাড মেন ছবির জনপ্রিয় অভিনেত্রী কিয়েরনান শিপকাকে, মডার্ন ফ্যামিলি ছবির ১৬ বছরের অভিনেতা রিকো রডরিগেজ ও দ্য ইক্যুইলাইজার ছবির জনপ্রিয় অভিনেত্রী ১৭ বছরের ক্লো গ্রেস মর্টেজ। প্রসঙ্গত, গত বছর টাইম ম্যাগাজিন প্রভাবশালী টিনেজারদের র্যাঙ্কিং প্রকাশ করলেও এ বছর কে, কোন স্থানে রয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি। টাইমের গত বছরের তালিকায় মালালা ছিল ১৬ তম স্থানে।
