রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া তমিজ উদ্দিন ব্যাপারী বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, সকাল আটটায় ব্যাপারী বাড়ির মৃত আবুল বাশারের স্ত্রী জাহানারা বেগম রান্না করার সময় হঠাত্ গ্যাস সিলিন্ডারের লিক থেকে আগুনের সূত্রপাত হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে বাড়ির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে বাড়ির সবাই নিরাপদে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আবুল বাশার, মো. বাদল ও খোরশেদ আলমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
রামগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল মোতালেব জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ না করলে পুরো বাড়ির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়তো। আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে হতে পারে বলে তিনি জানান।
