বাউল সম্রাট লালন শাহের ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আঁখড়াবাড়িতে পাঁচদিনব্যাপি লালন স্মরণোৎসব আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে আঁখড়াবাড়িকে নতুন রূপে সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এ স্মরনোৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই সারাদেশ থেকে লালন ভক্তরা এসে জড়ো হয়েছেন। লালন আঁখড়া পরিণত হয়েছে লালন ভক্তদের মিলন মেলায়। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বাসস প্রতিনিধিকে বলেন, বাউল ফকির লালন শাহ্ এর ১২৪ তম তিরোধান দিবস পালনের প্রস্ততি উপলক্ষে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, হানাহানির বিশ্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই স্রোতধারায় আনতে লালন যে বাণী দিয়েছেন তা সকলের প্রেরণা।
লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, আগামীকাল থেকে মরমী সাধক ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে স্মরণোৎসব-এর সব আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আঁখড়াবাড়িকে নতুনরূপে সজ্জিত করা হয়েছে। ভরাটকৃত কালীনদীর উপর বিস্তীর্ণ জায়গা জুড়ে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা এবং সারাদেশ থেকে আগত ভক্তদের জন্য সুপেয় পানি এবং পয়:নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, লালন স্মরণোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লালন আঁখড়া ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুষ্টিয়া পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে। তাদের সাথে মোবাইল টিম, সাদা পোশাকধারী পুলিশ এবং র্যাব দায়িত্ব পালন করবে।
ফকির লালনের মাজারের খাদেম ফকির মহম্মদ আলী বলেন, ১২৪ বছর আগে ফকির লালন শাহ দেহত্যাগ করার পর থেকে এখানে প্রতিবছর তাঁর তিরোধান দিবস পালন করা হয়। তবে এবছর তাঁর অনুরাগী এবং অনুসারীদের পদচারণা অনেকটাই বেড়েছে। এ বছর লালন স্মরণোৎসবে দেশী অনুসারীদের পাশাপাশি বিদেশ থেকে তাঁর ব্যাপক সংখ্যক অনুসারী এবং অনুরাগী এ উৎসবে অংশ নেবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। খবর বাসসের।
