সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের পাখিডাঙ্গা এলাকায় বিএসএফের গুলিতে আইয়ুব আলী (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। আইয়ুব সদর উপজেলার বৈকারী গ্রামের মৃত ছামছেল সরদারের ছেলে।
বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়াসহ সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় পাখিডাঙ্গা এলাকায় পৌঁছালে বিএসএফ সদস্যরা আইয়ুবকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার সঙ্গীরা তার মৃতদেহটি বাড়িতে নিয়ে আসেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, একজন মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কিভাবে ও কারা মেরেছে তা এখনো জানতে পারেননি বলে জানান তিনি।
