মোহাম্মদপুরে ‘হিযবুত তাহরীরের’ মিছিলে পুলিশের গুলি, আহত ১

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১১
 
 
 
 
রাজধানীর মোহাম্মদপুরে ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’ মিছিল বের করলে পুলিশের গুলিতে এক কর্মী আহত হয়েছেন। নাফিজ (২৭) নামের গুলিবিদ্ধ ‘হিযবুত তাহরীর’ কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইকবাল রোডের একটি মসজিদের সামনে ‘হিযবুত তাহরীর’ মিছিল বের করলে পুলিশ গুলি চালায়।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, জুমার নামাজের সময় এলাকার সব মসজিদের সামনে পুলিশের টহল টিম নিরাপত্তার দায়িত্ব পালন করে। বেলা ২টার দিকে জুমার নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় সেখানে ‘হিযবুত তাহরীর’ লিফলেট বিতরণ করে। একপর্যায়ে পুলিশের টহল টিম বাধা দিলে, তারা পুলিশের সামনে মিছিল করে। পুলিশ তাদের আটকের চেষ্টা করলে ‘হিযবুত তাহরীরের’ লোকজন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি করলে নাফিজ বিদ্ধ হয়। তার কাছ থেকে ‘হিযবুত তাহরীরের’ লিফলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গুলিবিদ্ধ নাফিজের বাবা আব্দুস সালাম একজন গার্মেন্টস ব্যবসায়ী। মোহাম্মাদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডে তাদের বাসা। নাফিজের অন্য সহকর্মীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে নাফিজের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।