সরকারি অনুষ্ঠান ও রাজনৈতিক বক্তৃতায় ঢাকা পড়েছে বাউলদের সাধুসঙ্গ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২১:৫২

 



সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক বক্তৃতার ডামাডোলে ফিকে হয়ে গেছে বাউলদের সাধুসঙ্গ। এ নিয়ে আক্ষেপ শোনা গেল বাউল আর ভক্তদের মুখে।
লালনের স্মরণ অনুষ্ঠান বসেছে মেলা। সেখানে নানা পণ্যের পসার সাজিয়ে বসেছে দোকানিরা। চলছে মোটর সাইকেল খেলা, নাগরদোলায় দোল খাচ্ছে মানুষ। এর সঙ্গে রয়েছে খাট-পালঙ্ক বিক্রির দোকান, জামা-কাপড়, কম্বল, মেয়েদের গয়নাÑ এত কিছুর ভিড়ে লালনের তিরোধান উপলক্ষে স্মরণ অনুষ্ঠান গেছে হারিয়ে। পুরো এলাকায় মানুষের হুঁড়োহুড়ি, মাইকে নানা ধরনের গানের চড়া সুর এসবের মাঝে লালনকে উপলক্ষে করে ব্যবসা আছে, আছে দেখানেপনা কিন্তু সত্যিকারের যে সম্মান ও শ্রদ্ধা নিবেদন তা হচ্ছে না। অনেক বড় বাউল ফকির তো প্রথম দিনই রাতে ছেড়ে গেছেন আখড়া। এছাড়াও লালন আখড়ার আশপাশের এলাকায় অনেক সাধু বাস করেন। কিন্তু তারা এই আনুষ্ঠানিক আয়োজনে আসেন না। আনুষ্ঠানিক আয়োজনের চাইতে বাউলদের আগ্রহ বেশি দল বেঁধে গান করার প্রতি।
‘এটা আর লালনের অনুষ্ঠান নাই। রাজনৈতিক দলের বক্তৃতার জায়গা হইছে, অফিসারদের ঊফ-বাচ্চারা গান গায়’ -ক্ষোভের সঙ্গে বলছিলেন ফকির তমিজ শাহ। মূল আখড়ার মিলনায়তনে চাদর বিছিয়ে বসেছেন তিনি। তমিজ শাহ বলছিলেন, ‘গুরু লালন সাঁই সাধুসঙ্গ শুরু করেছিলেন এই আখড়ায়। সেই সাধুসঙ্গ এখন নাই। এখন রাজনীতি হয়। একেক সময় একে নেতারা আসেন। সরকার বদলায়, নেতা বদলায়। এই মঞ্চে বাউল গান হবে। এসব আলোচনায় সাধুদের কী লাভ? ভক্তরা গান শুনতে আসে, বক্তৃতা শুনতে আসে না।’
এবারের স্মরণোৎসবে দেশ-বিদেশের কয়েক হাজার বাউল জড়ো হয়েছেন এখানে। গান-বাজনায় ভাবময় এক পরিবেশের সৃষ্টি হয়েছে লালন মাজার প্রাঙ্গনে। আঁখড়া বাড়িতে সাঁইজির বারামখানায় চলে ভাবশিষ্য আর অগনিত ভক্তদের ভাব-ভালবাসার আদান প্রদান। নদীর পাড়ের মঞ্চে ও মাঠে অজস্র বাউল ও ভক্তরা সারারাত উপভোগ করে সাঁইজির মরমি গান। একের পর এক বাউল দল মন উজার করে এসব গান পরিবেশন করে।
গান উপভোগ করলেও মূলমঞ্চে সন্ধ্যাকালীন কয়েক ঘন্টার তত্ত্ব আলোচনায় মন ছিলো না বাউল, সাধু আর দূর-দুরান্ত থেকে আসা ভক্তদের। এসব আলোচনা কানে নেয় না বাউলেরা, তারা নিজেদের মত অনুষ্ঠান নিয়ে মজে ছিলেন এই চারদিন। মিলপাড়া এলাকা থেকে কালিগঙ্গা নদীর পাড়ের বিশাল এলাকায় ছিল চাদর বিছিয়ে বসেছিল সাধুরা। সাদা আলখেল্লা পড়া সব মানুষ মাতিয়ে রেখেছিল পুরো এলাকা।