বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-এ অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুুক্তির দাবিতে রবিবার সকালে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন করা হয়।
বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি সাতক্ষীরার সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ।
নাটোর প্রতিনিধি জানান, একই দাবিতে নাটোর প্রেস ক্লাবের সামনে জেলার পাঁচটি বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা মানববন্ধন করেছেন। পরে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন শিক্ষকরা।
এ সময় বক্তব্য রাখেন রহমত ইকবাল অনার্স কলেজের প্রভাষক রাজু আহমেদ, প্রভাষক আকতার হোসেন অপূর্ব, সিটি কলেজের প্রভাষক কামরুল হাসান, বিলহালতি অনার্স কলেজের প্রভাষক আতোশি খাতুন প্রমুখ।
