জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস সোমবার: বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৮:২০
 
 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস সোমবার। ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে এক আইনের মাধ্যমে পর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু এই দিন থেকে। নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় ৩১টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া, বাংলাবাজারস্থ বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল নির্মাণকাজেরও উদ্বোধন হবে।
এ দিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ক্যাম্পাসের বিজ্ঞান ভবন চত্বরে কনসার্টে মঞ্চ মাতাবেন দেশের অন্যতম সেরা ব্যান্ড মাইলস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনসমূহ নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।