মহেশপুর থেকে জঙ্গি আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

ঝিনাইদহের মহেশপুর থেকে মোঃ জসিম উদ্দিন নামে এক জঙ্গিকে আটক করেছে র্যাব। আটককৃত জঙ্গি আনসার আল ইসলামের সদস্য। সে মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রামের  মোঃ ফারুক হোসেনের ছেলে:

র্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিক সম্মেলনে জানান, আাাটক জসিম উদ্দিন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। নিজের নামে ফেসবুকে আইডি খুলে উগ্র জঙ্গি মতবাদ প্রচার করে আসছিল। ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবর একটি অভিযানিক দল রবিবার ভোরে মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের পিছনের মাঠ থেকে তাকে আটক করে। তার কাছ থেকে দুটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, জসিম উদ্দিন যশোরের চৌগাছা উপজেলার বর্নী শাহাপুর কওমি মাদ্রাসায় আট বছর পড়াশুনা করেন। এরপর ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া মারকাযুল হুদা আল ইসলামী মাদ্রাসায় ভর্তি হন।  সেখান থেকে জঙ্গি মতবাদে জড়িয়ে পড়েন।