পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

পূর্বধলায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ প্রার্থীর দুই সমর্থক যুবলীগ নেতা প্রদীপ কুমার ও জুয়েল মিয়া নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান আহমদ হোসেনের সমর্থক উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। তিনি সম্পর্কে সংসদ সদস্যের ভাগনে হন। বছরখানেক ধরে জাহিদুল ইসলাম সুজনের সাথে সংসদ সদস্যের মনান্তর হওয়ায় সংসদ সদস্য সমর্থিতরা সুজনের বাসভবনে হামলা করে। এই ঘটনার পর তিনি আহমদের সমর্থক হন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্যের সমর্থক মাসুদ আলম তালুকদার টিপু। এক সময় সংসদ সদস্যের সাথে তারও মনান্তর হয়েছিল। দীর্ঘদিন পর আবারও তাদের সমন্বয় হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল উদ্দিন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জুয়েল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে সুজন সমর্থক উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোডের শাহ মোস্তাফিজুর রহমান রাজিবকে প্রধান আসামি করে ৪১ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি ও বাড়হা গ্রামের নূরুল আমিন বাদি হয়ে একই গ্রামের তোতা মণ্ডলকে প্রধান আসামি করে ৩১ জনের নামে থানায় অপর একটি  মামলা দায়ের করেন।