ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের পরিবারের পক্ষ হতে বিজিবির বিরুদ্ধে থানায় মামলা না নেয়ায় অবশেষে ঠাকুরগাঁও আদালত বাদীদের অভিযোগপত্র গ্রহণ করেছেন। রবিবার হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন বলে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক জানান।

মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির সাত সদস্যের নাম উল্লেখ করে আরো ১শ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিতে গ্রামের সাধারণ তিনজন মানুষ নিহত হন।