বিকৃত যৌনাকাঙ্ক্ষার বলি মাদ্রাসা ছাত্র রায়হান

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৯:৪০
 
বিকৃত যৌনাকাঙ্ক্ষার চরিতার্থ করতে না পেরে মাদ্রাসা ছাত্র আবু রায়হানকে (১০) বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার বাবুর্চি শাহ আলমকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত,সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জের তাহফিজুল নুরানি হাফেজি মাদ্রাসার হোস্টেলের রান্নাঘর থেকে আবু রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে।
এসপি হাবিবুর রহমান বলেন, রায়হান ও তার বড় ভাই রনি মাদ্রাসায় একই সাথে ঘুমায়। গত রবিবার দিবাগত রাত একটার দিকে রায়হান ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছিল। এ সময় বাবুর্চি শাহ আলম তাকে ঝাপটে ধরে তার রুমে নিয়ে যাওয়া চেষ্টা করে। বাধা দিলে প্রলোভন দেখিয়ে বলত্কার করার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে রায়হানের মুখ চেপে ধরে রান্না ঘরে নিয়ে যায়। সেখানে চিত্কার করলে বুকের উপর বসে বটি দিয়ে তাকে জবাই করে। এরপর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
তিনি আরো জানান, শাহ আলম অন্য মাদ্রাসায় থাকতেও বিকৃত যৌনাচার করেছে। ছয়মাস আগে এই মাদ্রাসায় চাকরিতে ঢোকার পর একবার রায়হানকে বলত্কার করার চেষ্টা করেছিলো। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। দেড় বছর আগে বিয়ে করা শাহ আলমের স্ত্রী সন্তান সম্ভাবা।