সরকারের এজেন্টরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেছে: মির্জা ফখরুল

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২০:৩২
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদলের নামে সরকারের এজেন্টরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেছে। আর এদের পাহারা দিয়েছে পুলিশ।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের স্মরণে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা আলমগীর বলেন,  ওই  দিন পুলিশ নীরব থাকলেও আজ ছাত্রদলের  কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হলে তাদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। অথচ সেই দিন এজেন্ট দিয়ে পুলিশি প্রহরায় ৩০ জনকে আহত করা হয়েছে। আহতদের রক্ষায় তারা এগিয়ে আসেনি। আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণকে ‘দ্বিমুখী’ বলে আখ্যায়িত করেন তিনি। মির্জা আলমগীর বলেন, আওয়ামী  লীগ দেশকে অনিশ্চিত, অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। 
এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে লেবার পাটির্র চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ,  জাগপার মহাসচিব খন্দকার লুত্ফর রহমান প্রমুখ বক্তব্য দেন।