স্ত্রীর পরকিয়ায় মিরপুরে ব্যবসায়ী খুন

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ০০:২৪

রোববার রাতে মিরপুর ১০ নম্বর সেকশনে নিজের বাসায় ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম গিয়াস উদ্দিন। খুনি সন্দেহে ব্যবসায়ীর স্ত্রী লাভলীসহ (২৯) চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন- তানভীর আহমেদ (১৯), জিসান (১৮) ও মুক্ত (১৮)।

মিরপুর থানার এসআই সাংবাদিকদের বলেছেন, স্ত্রীর পরকীয়া সম্পর্কের জের ধরেই গিয়াসকে হত্যা করা হয়েছে। পুলিশ তার স্ত্রী ও সন্তানকে জিজ্ঞাসাবাদের পর তথ্যে গরমিল পাওয়ায় এমনটি সন্দেহ করছে বলে জানিয়েছে।
লাভলীর সঙ্গে তানভীরের ‘প্রেমের সম্পর্ক’ ছিল বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা ইমানুর। তিনি বলেন, তানভীরের বন্ধু হল জিসান ও মুক্ত।
“তানভীর ও লাভলী প্রেমে জড়িয়ে পড়েছিলেন। এর জের ধরেই মূলত গিয়াসকে হত্যা করা হয় বলে তারা স্বীকার করেছে।”

মঙ্গলবার রাত পর্যন্ত এই হত্যার ঘটনায় কোনও মামলা হয়নি। পুলিশ কর্মকর্তা ইমানুর বলেন, নিহতের বাবা কিংবা ভাই একটি হত্যা মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।