রাজধানীর মিরপুরে ব্যবসায়ী গিয়াস উদ্দিন হত্যার ঘটনায় গ্রেফতারকৃত কলেজ ছাত্র তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিবেন। বুধবার সকালে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার জন্য তাকে মিরপুর মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। এছাড়া এ মামলায় গ্রেফতারকৃত অপর তিন আসামি নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী লাবনী ইয়াসমীন লীনা, সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র মুক্ত ও ঢাকা কমার্স কলেজেরে ছাত্র জিসানকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত রবিবার রাতে মিরপুর ১০ নম্বর সেকশনের ১৫ নম্বর লাইনের ১১ নম্বর বাড়িতে সুতা ব্যবসায়ী গিয়াস উদ্দিন খুন হন। এ ঘটনায় পুলিশ তার স্ত্রী লীনাকে গ্রেফতার করে। লীনার দেয়া তথ্য মতে মঙ্গলবার সন্ধ্যায় সেনপাড়া পর্বতা এলাকা থেকে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কেলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র তানভীর ও তার দুই বন্ধু জিসান ও মুক্তকে গ্রেফতার করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লীনার সাথে তানভীরের পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে এ তিন কিশোর লীনার সহযোগিতায় গিয়াস উদ্দিনকে হত্যা করে।
