‘বড় সুযোগ হারাল টটেনহ্যাম’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

বার্নলির কাছে ২-১ গোলের হারে বড় ধাক্কা লেগেছে টটেনহ্যামের প্রিমিয়ার লিগ শিরোপা-স্বপ্নে। তবে হ্যারি কেইনের ফেরার ম্যাচে দলটির হার ছাপিয়েও আলোচনায় রেফারির সঙ্গে কোচ মরিসিও পচেত্তিনোর বাকবিতণ্ডা।

টার্ফ মুরে অনুষ্ঠিত ম্যাচটিতে জয় পেলেই পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধানে পৌঁছে যেত পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। উলটো ঢিমেতালে খেলার খেসারত দিয়ে হেরেই বসলো স্পার্সরা!

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে ক্রিস উডের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল বার্নলি। মূলত কর্নারের বল থেকেই উডের গোলটি এসেছে। যে কর্নারটির বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছিল টটেনহ্যাম।

এরপর দলকে টেনে তোলার দিকে মনোযোগ দেয় স্পার্সরা। গোড়ালির ইনজুরি কাটিয়ে এদিন মাঠে ফেরা ইংলিশ অধিনায়ক কেইনে ভর করে ৬৫ মিনিটে সমতায় ফেরে সফরকারী দলটি। ৮৩ মিনিটে এশলে বার্নেসের গোলে আবারো পিছিয়ে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শিরোপা প্রত্যাশী দলটি। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনোর শিষ্যরা।

দলের এমন অবস্থায় পুরোটা সময় জুড়ে আগ্রাসী মেজাজে ছিলেন টটেনহ্যাম কোচ পচেত্তিনো। বেশিরভাগ সময় তিনি লিপ্ত ছিলেন রেফারি ডেনের সঙ্গে বাকযুদ্ধে। যার মাধ্যমে নিজেদের হতাশাই ফুটে উঠেছে। পরে মাঠের টানেলের ভিডিও ফুটেজে দেখা যায়, পচেত্তিনো এবং তার সহকারী জেসুস পেরেজ ডেনকে কিছু একটা বলে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অনীহা প্রকাশ করেন পচেত্তিনো। তিনি বলেন, ‘জয় না পেলে আমরা শিরোপা জয়ের সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারব না। এই হারে আমরা বড় সুযোগ হাতছাড়া করলাম। আপনি যখন হতাশাগ্রস্ত হবেন, তখন কিছু ভুল করে বসবেন। আমরাও এজন্য মাঠে কিছু ভুল করেছি। আমি নিজেও কিছু ভুল করেছি।

হারের হতাশা থেকে রেফারির সঙ্গে বিবাদে জড়ানো আর্জেন্টাইন এই কোচ জানালেন রেফারির কাছে ক্ষমাও চাইতে পারেন তিনি। পচেত্তিনোর ভাষায়, ‘ড্রেসিং রুমে গিয়ে আমার পানি পান করা উচিত ছিল। প্রতিক্রিয়া দেখানোটা বেশ বাজে একটা ব্যাপার ছিল। হয়তো আমি গিয়ে রেফারির কাছে ক্ষমাও চাইতে পারি।’

হারের পুরো দায় নিজেদের উপর নিয়ে নিচ্ছেন স্পার্স কোচ। তিনি বলেন, ‘আমরা আমাদের ভুলের কারণে হেরেছি। আমরা কোনো অযুহাত খুঁজছি না কিংবা যা আমাদের হাতে নেই তাকে দোষ দিচ্ছি না। আমাদের আরও ভালো করা উচিত ছিল এবং দিনশেষে নিজেদেরই দোষ দেয়া উচিত আমাদের।’ বাসস/বিবিসি