মেহেরপুরের মুজিবনগরে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে বাবুপুর ও পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত বাবুপুর গ্রামের কেনাব উদ্দীনের বাড়িতে হানা দেয়। গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে মারধর করে সোনার গয়না, মোবাইল সেট ও নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুটে নেয়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ফাঁকা স্থানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এর প্রায় ২০ মিনিট পরে পার্শ্ববর্তী পরানপুর গ্রামের আজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে একইভাবে ২৫ হাজার টাকার মালামাল লুটে নেয়। সেখানেও গ্রামবাসীর প্রতিরোধের মুখে চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাত দলের মুখোশধারী সদস্যরা। তবে এই দুই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে এলাকা সূত্রে জানা গেছে।
এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাত দলের কোন সদস্য গ্রেফতার হয়নি।
মহাজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু জানান, প্রতি রাতেই এলাকায় ডাকাতি হচ্ছে। এতে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। জানমালের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ডাকাত নির্মূল ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে।
