নীলফামারীর জনসভায় খালেদা জিয়া

সরকারকে বিদায় করেই ঘরে ফিরব

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ২২:২১
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নীলফারামীতে এক বিশাল জনসভায় আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরা সময় মতো আন্দোলনের ডাক দেব। সেই আন্দোলনে এ সরকারকে বিদায় করেই তবে আমরা ঘরে ফিরব। জয় আমাদের হবেই। অনেক মার খেয়েছি। এবার রক্ত দেয়ার জন্য আমরা প্রস্তুত। আন্দোলনের সময় নির্ঘণ্ট উল্লেখ না করে তিনি বলেন, কবে আন্দোলন শুরু করব তা আমি এখন বলবো না, সময় মতো জানাবো।  আগে মানুষের সঙ্গে দেখা সাক্ষাত্ করে নিই। তারপর সবাই মিলে আন্দোলনের ডাক দেব। সবাই মিলে আন্দোলন করব। এরশাদকে বিদায় করেছি, হাসিনাকে বিদায় করে গণতন্ত্র আনব। বাকশাল নয়, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
বৃহস্পতিবার নীলফামারী শহরের বড় মাঠে ২০দলীয় জোট আয়োজিত বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে বগুড়া থেকে গতকাল বেলা সাড়ে ১১টায় রওনা দিয়ে বিকাল সাড়ে ৩টায় নীলফামারী পৌঁছান। সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সমাবেশস্থলে যান।
খালেদা জিয়া বলেন, পৃথিবীর কোন দেশ এ সরকারকে স্বীকৃতি দেয়নি। সরকার দ্বারে দ্বারে ঘুরে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। তারা ভাবছে বিদেশীদের সাথে ছবি তুললেই স্বীকৃতি আদায় হয়ে যাবে। কিন্তু  তাদের সঙ্গে ছবি উঠালেই স্বীকৃতি হয় না। ছবি উঠিয়েই মনে করবেন না যে, স্বীকৃতি পেয়ে গেলেন। দেশে গণতন্ত্র না থাকলে বিদেশীরা কোনদিন স্বীকৃতি দেবে না। বিদেশীরা দেখেছে, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা স্বীকৃতি দিচ্ছে না।
   
৩০ অক্টোবর নাটোরে সমাবেশ আছে। আগে জনগনের সঙ্গে দেখা সাক্ষাত্ করে নেই। তারপর আন্দোলনের ডাক দেব। আসুন, আজকে সকলে ঐক্যবদ্ধ হই। যারা দেশের পক্ষে থেকে, মানুষের পক্ষে থেকে আন্দোলন করে তারা পরাজিত হতে পারে না। জয় আমাদের হবেই। এ দেশে বাকশাল নয়, জনগনের সরকার প্রতিষ্ঠা হবেই।
বিএনপি চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচন সরকার দেশে নেই। এ সরকার অবৈধ। আপনারা এদেরকে ভোট দেননি। এরা নির্বাচিত নয়। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বলেছি। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, হবেও না। তাই প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার।