উন্নয়ন টেকসই করতে হলে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, এবারের ২১ ফেব্রুয়ারি জাতির এক যুগ-সন্ধিক্ষণে এসেছে, যখন কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে আরেকটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। ভাষার মাসে জনগণের প্রত্যাশা, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত এবং সুশাসন ও জবাবদিহিমূলক একটি সমাজব্যবস্থা উপহার দেবে। প্রতিটি সূচকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছে। কিন্তু এই উন্নয়ন টেকসই করতে হলে দেশে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। জনগণ যেন তার মৌলিক অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি-জেপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ শহীদ বলেন, আমরা চাই জনগণ যেন সরকারি সেবা থেকে বঞ্চিত না হন। কোনো ধরনের উেকাচ ও হয়রানি ছাড়াই জনগণ যেন সরকারি সেবা পেতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। এমন একটি সামাজিক ব্যবস্থা জনগণ দেখতে চায়, যেখানে মানুষে-মানুষে অসাম্য থাকবে না।

তিনি বলেন, একুশের চেতনা হলো মাথা নত না করা। আমাদের স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান রচিত হয় ’৫২’র ভাষা আন্দোলনে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ’৫৪, ’৬২, ’৬৬ ও ’৬৯ এর আন্দোলনের মধ্য দিয়ে এই জাতি ’৭০ এর প্রেক্ষাপটে উপনীত হয়। যার মধ্য দিয়ে পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বপ্নের স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হই।

জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিজয় প্রসাদ বড়ুয়া, দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, সহ-সাধারণ সম্পাদক কে.এম মজিবুর রহমান মজনু, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম।