বগুড়ায় দলীয় কার্যালয়ে সৈনিক লীগ নেতা খুন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ২০:২৯



বগুড়ায় নিজ দলের যুগ্ম-আহবায়কের ছুরিকাঘাতে খুন হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া জেলা কমিটির আহবায়ক শিমুল হক রেহান (৩৬)। দলীয় কোন্দলের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেহান বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা।
খুনের সঙ্গে জড়িত বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক সবুজ সওদাগরকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের রহমান নগর এলাকায় সাবিনা ক্লিনিক থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
দলীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন নিয়ে যুগ্ম আহবায়ক সবুজ সওদাগরের সাথে আহবায়ক রেহানের বিরোধ চলছিলো। নিহত রেহান বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়কের পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতির যুগ্ম-আহবায়ক ছিলেন। অটোরিক্সা থেকে চাঁদা আদায় নিয়েও সবুজ সওদাগরের সাথে তার বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধায় রেহান দলীয় কার্যালয়ে গেলে চেয়ারে বসা নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রেহান লাঠি দিয়ে সবুজ সওদাগরের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে যাওয়া ক্ষিপ্ত সবুজ সওদাগর প্যান্টের পকেট থেকে চাকু বের করে রেহানের বুকে আঘাত করে। দলের অন্যান্য নেতা-কর্মীরা এগিয়ে গেলে হামলাকারিরা কার্যালয় থেকে পালিয়ে যায়।
মুমুর্ষ অবস্থায় রেহানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে ।
এদিকে এই খুনের সাথে জড়িত বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক সবুজ সওদাগরকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের রহমান নগর এলাকায় সাবিনা ক্লিনিক থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সবুজ সওদাগর সেখানে চিকিৎসা নিতে গিয়েছিল। গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান সবুজ সওদাগরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মঞ্জুরুল হক ভুঞা জানান প্রাথমিক তদন্তে জানাগেছে,অভ্যান্তরীণ কোন্দলের জের ধরে সবুজ সওদাগরের ছুরিকাঘাতে রেহান খুন হয়েছন।
রেহান খুনের পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।