মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ০৭:৩৯

মুকিত মজুমদার বাবু। ইমপ্রেস গ্রুপের অন্যতম সফল পরিচালক। ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে দেশ-বিদেশে তিনি প্রকৃতিপ্রেমী হিসেবেই সমধিক পরিচিত। শৈশব-কৈশোরের দুরন্ত সময় কেটেছে সোঁদামাটির গন্ধ আর গাঢ় সবুজের নিবিড় সান্নিধ্যে। পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে ১৯৭১ সালে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। বন্ধুর পথ ধরে অবশেষে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। আবার শুরু হয় শিক্ষা জীবনের পথে হাঁটা। কলেজের পাঠ চুকিয়ে ১৯৭৮ সালে পাড়ি জমান বিদেশে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন ১৯৮৪ সালে। শুরু হয় ব্যবসায়ী হিসেবে পথচলা।

কৈশোর-যৌবনে পায়ে চলা ধূলা ওড়ানো মেঠোপথ, টইটম্বুর মাছে ভরা পুকুর-ঝিল, পাখির সুরেলা গান, সূর্যের আলো মেখে শিশিরের মোহনীয় সাজ... প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্য্য দেখেছেন মুগ্ধ হয়ে। আজ দেখছেন সেই প্রকৃতির বিবর্ণতা। তাই ভেতরের তাগিদ থেকেই ২০০৯ সালে শুরু করেন বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়ায় জীববৈচিত্র্য নিয়ে গবেষণা, তথ্যবহুল, সচেতনতা সৃষ্টি ও শিক্ষামূলক ধারাবাহিক অনুষ্ষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। একই সাথে গড়ে তোলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
প্রকৃতি সংরক্ষণে ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়াতেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। প্রকৃতি নিয়ে লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। সম্পাদনা করছেন ত্রৈমাসিক 'প্রকৃতিবার্তা’ ও 'প্রকৃতি ও জীবন’ শিরোনামে জাতীয় একটি দৈনিকে পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা। প্রতিবছর একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে তাঁর প্রকৃতিবিষয়ক বই। এছাড়া সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকাশিত হচ্ছে ডিভিডি, লিফলেট, ক্যালেন্ডার। অনুষ্ঠিত হচ্ছে প্রকৃতিমেলা। প্রকৃতি সংরক্ষণে বিশেষ আবদানের জন্য প্রতি বছর দেওয়া হচ্ছে প্রকৃতি সংরক্ষণ পদক।
পরিবেশবিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে 'জাতীয় পরিবেশ পদক-২০১২', 'এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২, ও 'বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’সহ অনেক পদক ও সম্মাননা অর্জন করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
স্ত্রী রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, মেয়ে সোনালি, ছেলে আকাশ ও আদরের নাতি কায়সানকে নিয়ে এই প্রকৃতিপ্রেমীর সুখের সংসার।
প্রকৃতি অন্তঃপ্রাণ এই মানুষটি ১৯৫৫ সালে আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন।