ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি বাথরুম থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। সদ্য ভূমিষ্ঠ এ শিশুটিকে উদ্ধার করে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে। তবে নবজাতকের মা, বাবা বা কোনো আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৬ টায় মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের একটি বাথরুমে এক নারী গোসল করতে যান। সেখানে ওই নবজাতকে দেখতে পান। তখন নবজাতকটি কান্না করছিল। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে হাসপাতালের লোকজন উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে ২১১ নম্বর ওয়ার্ডের এনআইসিইউতে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের অনারারি মেডিক্যাল অফিসার আবু ওবায়দা জানান, নির্দিষ্ট সময়ের আগেই নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। যার ফলে শ্বাসকষ্ট, ইনফেকশন ও বয়স না হওয়ায় শিশুটি এখন শঙ্কামুক্ত নয়। তার ওজন ৮০০ গ্রাম। তাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।
