বোমা বিশেষজ্ঞসহ ৪ হুজি নেতা ৬ দিনের রিমান্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১৮:১৭
 
বোমা বিশেষজ্ঞসহ চারহুজি নেতাকে ছয় দিনের রিমান্ড দিয়েছে আদালত।  শনিবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পশ্চিমের উপ-পরিদর্শক (এসআই) এমএম রাইসুল ইসলাম।  ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে ডিবি শুক্রবার রাতে রাজধানীর টিকাটুলি ও উত্তরা এবং নারায়ণগঞ্জ থেকে হুজির ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন, মোঃ রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪) , মোঃ উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), মোঃ নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মোঃ সালাউদ্দিন আহমেদ (২৯)। 
 ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র যুগ্ম কমিশনার ও মুখপাত্র মোঃ মনিরুল ইসলাম জানান, পুলিশ তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ উচ্চ মাত্রার বিস্ফোরক দ্রব্য, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময় ঢাকার ওয়ারীতে ও নারায়ণগঞ্জের ফতুল্লাতে বিস্ফোরক ও বোমা তৈরি সংক্রান্ত কাজে ব্যবহৃত ২টি ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায়।
ল্যাবরেটরিতে বেশ কয়েক প্রকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন,এ সমস্ত বিস্ফোরক পদার্থের ব্যবহার বাংলাদেশে পূর্বে দেখা যায়নি। তাদের বোমা তৈরির ল্যাবরেটরি থেকে প্রায় ৫৫ প্রকারের বিভিন্ন বিস্ফোরক পদার্থ ও নানা রকম সরজ্ঞামাদি জব্দ করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক পদার্থ, ডেটোনেটর, বোস্টার, মেটালিক বোমা কন্টেইনার, সুইচ, পিপেট, ফানেল ইত্যাদি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা হরকাতুল জিহাদ বাংলাদেশ-এর সক্রিয় সদস্য। রফিক হরকাতুল জিহাদের অপারেশন উইং এর নেতা এবং উমর বোমা বিশেষজ্ঞ বলে নিজেদের পরিচয় দেয়।
তারা ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার কথা স্বীকার করে। তাদের সাংগঠনিক বিস্তার, অর্থায়ন, অন্যান্য পরিকল্পনা, বিস্ফোরক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির উৎস ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে যুগ্ম পুলিশ কমিশনার জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী, উত্তরা (পশ্চিম) এবং ফতুল্লাহ থানায় সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক উপাদানাবলী আইনে পৃথক-পৃথক মামলা দায়ের হয়েছে।