শাহজালালে ৫৬টি আইফোনসহ আটক ১

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২০:৪৪
 
হযরত শাহজালাল ( রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ৪৫ লাখ টাকা মূল্যের ৫৬টি আইফোনসহ এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকা থেকে এসব আইফোনসহ তাকে আটক করে।
আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ মনিরুজ্জামান ( ৩২)। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি) মঈনুল খান বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (এডি) সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বাসসকে জানান, মনিরুজ্জামান শনিবার সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমান যোগে ব্যাংকক থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরন করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মালামাল নিয়ে বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকা দিয়ে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি চালিয়ে এ সব আইফোন উদ্ধার করে। আটককৃত মালামাল কাস্টমস হেফাজতে রয়েছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।