সকলের প্রচেষ্টায় আর্থ-সামাজিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর্থ-সামাজিক বাংলাদেশ গড়ে উঠবে যুবকদের হাত ধরেই। এজন্য মানুষের কল্যাণে রেডক্রিসেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) খেলার মাঠে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পাঁচ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য রংপুর-৪ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। রেডক্রিসেন্টের রংপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূর ইসলাম, বিডিআরসিএসের ব্যবস্থাপনা সদস্য রেহেনা আশিকুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক একে এম সিরাজুল ইসলাম প্রমুখ।
