গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

হাতিরঝিল দুর্গন্ধমুক্ত করা হবে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৯:৪৩
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, হাতিরঝিল প্রকল্পকে গুলশান-বনানী লেকের সঙ্গে সংযোগ করা হবে। এর অংশ হিসেবে গুলশান-বনানী লেকের উন্নয়নে ইতোমধ্যে ৪০০ কোটি টাকার প্রকল্পও গ্রহণ করা হয়েছে। হাতিরঝিলের পানি পরিশোধনের মাধ্যমে দুর্গন্ধমুক্ত করে গুলশান বনানী লেকের সঙ্গে সংযোগ কাজ সম্পন্ন করা হবে। রবিবার রাজধানীর এ প্রকল্পে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করা খুবই কঠিন কাজ ছিলো। একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছার কারণেই এই প্রকল্পটি আলোর মুখ দেখেছে।  তিনি বলেন, এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি।
গৃহায়ন ও গণপূর্ত মান্ত্রণালয়ের উদ্যোগে রাজউক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকা ওয়াসা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রায় ২৩শ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করেছে।