হবিগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান। সভায় সভাপতির প্রতিবেদন পাঠ করেন বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ তাহমিনা বেগম।
সভায় সমিতির সার্বিক কর্মকাণ্ডের উপর প্রতিবেদন পাঠ করেন সমিতির জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এর বাণী পাঠ করেন চেয়ারম্যানের পক্ষে উপ-পরিচালক তছলিমা পারভীন। সমিতির বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বিদ্যুত্ বিতরণে আয় হয়েছে ৯ কোটি ৫৭ লক্ষ ৫৯ হাজার ৮২৬ টাকা।
সভায় সমিতি বোর্ডের ১নং এলাকা পরিচালক মোঃ আব্দুল মতিন মাষ্টার, ২নং এলাকা পরিচালক নওরুজুল ইসলাম চৌধুরী, ৫নং পরিচালক এলাকা মোঃ সেলিম মিয়া, ৬নং পরিচালক এলাকা অ্যাডঃ মোঃ মুসা মিয়া নির্বাচিত হন এবং ৩নং এলাকা পরিচালক সদস্য পদ স্থগিত রাখা হয়। বেলা ১টায় রেজিস্ট্রেশনকৃত গ্রাহক সদস্যদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ২০ জন গ্রাহককে পুরস্কৃত করা হয়। সমিতির সর্বোচ্চ বিদ্যুত্ ব্যবহারকারী গ্রাহক প্রাণ আরএফএল ও যমুনা গ্রুপের মধ্যে সমিতির পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
