উন্নয়ন প্রক্রিয়ার সাথে আইন শৃঙ্খলার সম্পর্ক অতি নিবিড়

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ০০:৩০

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশের প্রায় সর্বত্রই আইন-শৃঙ্খলার অবস্থা সন্তোষজনক। মাদকের মত সমস্যাগুলো চিহ্নিত করে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রশাসনের সাথে সামাজিক নেতৃত্বকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্বাভাবিক রাজনীতি করলে সুষুম ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করবে।

গতকাল রবিবার পিরোজপুর জেলার কাউখালী ও জিয়ানগরে পৃথকভাবে উপজেলা আইন-শৃঙ্খলা এবং উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব সভায় মন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের মত নেই। জঙ্গি তত্পরতা, বোমা হামলা ইত্যাদি মোকাবেলা করে একজন নাগরিকের নিরাপত্তা দেয়াই আইন-শৃঙ্খলা রক্ষার মূল কাজ। সিঁদেল চুরি বা জুয়া খেলার মত ছিঁচকে অপরাধ আইন-শৃঙ্খলা অবনতির সূচক নয়। দেশের উন্নয়ন প্রক্রিয়ার সাথে আইন-শৃঙ্খলার সম্পর্ক অত্যন্ত নিবিড়। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো নির্মাণ, পল্লী উন্নয়ন কর্মসূচি ইত্যাদি সরকারি কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে আমাদের মত উন্নয়নশীল দেশে প্রশাসনের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের সমভাবে, আবার কখনও কখনও বেশি বেশি কাজ করার সুযোগ বিদ্যমান। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে গৃহীত উন্নয়ন কার্যক্রম বহুলাংশে ব্যাহত হয়। যার দায় সরকারকে বহন করতে হয়। সরকারি কাজের ক্ষেত্র অসীম ও ব্যাপক বলে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে স্থানীয় নেতৃত্বকে প্রচুর ক্ষমতা দেয়া হয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এই ক্ষমতা প্রয়োগে অনেক সময় প্রশাসন ও নেতৃত্বের সমন্বয়ের সমস্যা দেখা দেয় এবং প্রকারান্তরে তা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধা দূর করার ক্ষেত্রে উভয় পক্ষের কার্যপরিধি নিয়ম ও আইন দ্বারা নির্ধারিত থাকে বলে এসবের অনুসরণ আবশ্যকীয় ও পালনীয়। কিন্তু কেউ কেউ নিয়ম ও আইন না মেনে কাজ করতে চান বলে অনেক সময় মতবিরোধ দেখা দেয়। সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য মতবিরোধ দূর করার প্রতি গুরুত্ব দিয়ে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, স্বাধীন দেশে প্রশাসন ও স্থানীয় পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়মনীতির মধ্যে থেকেই কাজ করে যেতে হবে। এ ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে।
গতকাল দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা সভা এবং উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ইউএনও মোঃ শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, আমড়াঝুড়ি ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, নজরুল ইসলাম বাদশা, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ সাঈদসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।
রাতে জেলার জিয়ানগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডুর সভাপতিত্বে অনুরূপ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, পর্ত্তাশী ইউপি চেয়ারম্যান ও জেপি’র উপজেলা আহ্বায়ক আসাদুল কবির তালুকদার স্বপন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও জেপি’র উপজেলা সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেনসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ।
ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল রবিবার সকালে ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়ায় পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির নবনির্মিত ৩৩/১১ কেভি ০.৫ এমভিএ সাবস্টেশন উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিদ্যুত্ হচ্ছে উন্নয়নের প্রতীক। আগে মানুষ রাস্তা-ঘাট চাইতো, এখন বিদ্যুত্ চায়। বিদ্যুত্ আসলে অশিক্ষা-কুসংস্কার দূর হয়। বিদ্যুত্ ব্যবহার করে কৃষি, শিল্প, শিক্ষা বিকশিত হয়। কর্মসংস্থান বাড়ে বলে মানুষকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। কাজের বিকল্প নাই।
ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালীর ইউএনও মোঃ শহীদুল ইসলাম, ভাণ্ডারিয়ার ইউএনও কাজী মাহবুবুর রশীদ, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, স্থানীয় সমাজ সেবী এনামুল হক মিন্টু প্রমুখ।
কাউখালী সংবাদদাতা রবিউল আহসান জানান, গতকাল রবিবার দুপুরে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ নাজমুল কবিরসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান বৃন্দ, কৃষি কর্মকর্তা প্রমুখ। রবি মৌসুমে গম, ভুট্টা, বারি খেসারী ও ফেলন চাষে এ বীজ ও সার বিতরণ করা হয়।

জিয়ানগর সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল রাতে জিয়ানগর উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে উপকার ভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ।