খিলগাঁওয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৯:১০
 
রাজধানীর খিলগাঁও এলাকায় সোমবার দুপুরে রিকশার সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কাছে থাকা অফিসের পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মোহাম্মদ শরিফুল (৪০)। তিনি ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা যাত্রাবাড়ী এলাকায়।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের মোটরসাইকেলের। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে সেখান থেকে উদ্ধার করে কয়েকজন স্কুলশিক্ষার্থীর সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক। পরে চিকিত্সাধীন অবস্থায় বেলা তিনটা ১০ মিনিটে শরিফুলের মৃত্যু হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে এসআই রফিক জানান, ঘটনার পরপরই রিকশাচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের জন্য খোঁজ খবর করা হচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, শরিফুল শ্যামপুর বিদ্যুত্ অফিসের মিটার রিডার ছিলেন। তার স্ত্রীর নাম সোনিয়া বেগম। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি ভোলা সদরের সোনাডগি এলাকায়।