লা লিগার সেরা ফুটবলার রোনালদো

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১৫:৫৯
লা লিগার সেরা পেশাদার ফুটবল অ্যাওয়ার্ড এলএফপি জিতলেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার ২০১৩-১৪ মৌসুমের জন্য স্প্যানিশ লীগে সেরা খেলোয়াড়ের পাশাপাশি কোচের নামও ঘোষণা করা হয়েছে। গত মৌসুমের সেরা কোচ হিসেবে এই পুরস্কার জিতেছেন এ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়োনে। 
গত মৌসুমে স্পেনের সর্বোচ্চ লীগে ৩০ ম্যাচে সর্বোচ্চ ৩১ গোল করে রোনালদো এই পুরস্কার জিতেছেন। ২০০৮-০৯ মৌসুমে প্রথমবারের মত এই পুরস্কার চালু হবার পর থেকে টানা পাঁচটি শিরোপা জিতেছিলেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এবার এই কৃতিত্ব অর্জন করলেন রোনালদো।
মাদ্রিদে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোনালদো বলেছেন, আমি অবশ্যই আমার সতীর্থদের পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মুহূর্ত।
তিনি বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো দলীয় কোন পুরস্কার জেতা, তবে আমি ব্যক্তিগত পুরস্কারও পছন্দ করি। প্রতিদিনই এই সংখ্যা বাড়ানোর জন্য আমি অনুশীলনে কঠোর পরিশ্রম করে চলেছি। 
সেরা খেলোয়াড়ের পাশাপাশি গত মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন রোনালদো। এছাড়া ৩৬তম সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষের গোলের জন্য সেরা গোলের পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
লা লিগায় চ্যাম্পিয়নের সাথে সাথে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে দলকে নিয়ে যাবার সুবাদে এ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়োনে সেরা কোচের পুরস্কার জয় করেছেন।
এলএফপির পুরস্কারপ্রাপ্তদের তালিকা: সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), সেরা কোচ: দিয়েগো সিমিয়োনে (এ্যাথলেটিকো মাদ্রিদ), সেরা গোলরক্ষক: কেইলর নাভাস (লেভান্তে), সেরা ডিফেন্ডার: সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার: লুকা মোদ্রিচ (রিয়াল মাদ্রিদ), 
সেরা এ্যাটাকিং মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সেরা ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), সেরা আফ্রিকান খেলোয়াড়: ইয়াসিন ব্রাহিমি ( গ্রানাডা), সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়: কার্লোস বাক্কা (সেভিয়া), সেরা উদীয়মান খেলোয়াড় : রাফিনহা আলকানটারা (বার্সেলোনা), সেরা গোল: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), ফেয়ার প্লে: ইভান রাকিটিচ (বার্সেলোনা)। সূত্র: গোল ডট কম।