চকবাজারে আগুন

বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে ওই ঘটনায় হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি তদন্ত কমিটি পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোসহ ১৭ দফা সুপারিশ করেছিল তা বাস্তবায়নের জন্য রিটে উল্লেখ করা হয়েছে। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়েরকৃত এক গুচ্ছ রিটে আদালতের কাছে এসব নির্দেশনা চাওয়া হয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্টের   একাধিক বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে বলে রিট সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক)সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ দফা সুপারিশ বাস্তবায়ন চাওয়া হয়েছে। এজন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন এবং পুরান ঢাকায় রাসায়নিক ব্যবসার অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী নূর মোহাম্মদ আলী ও খন্দকার মো. সায়েদুল কাউছার এবং সাগুফতা তাবাসুমের করা রিটেও ১৭ দফা সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

চুড়িহাট্টায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। এছাড়া পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন অপসারণের নির্দেশনা চেয়ে একটি রিট করেন ওই এলাকার বাসিন্দা মো. জাবেদ মিয়া।