শাহজালালে ৮ কেজি সোনা আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ০১:০৩

মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে আট কেজি সোনা আটক ও ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক বিভাগ। শুল্ক বিভাগ সূত্র জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের একজন মালয়েশীয় নারী, তাঁর কাছ থেকে ছয় কেজি সোনা উদ্ধার করা হয়। অপরজন ইতালি থেকে আগত বাংলাদেশি নাগরিক।

শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় আসে। সে ফ্লাইটে আসেন মালশেয়িার নাগরিক রাজা বাসনিলা বিনতি রাজা মালিক (৫৩)। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক বিভাগের নারী সদস্যরা তল্লাশি করে বাসনিলার কাছ থেকে সোনার ছয়টি বার উদ্ধার করেন। একেকটি বারের ওজন এক কেজি করে।
এরপর বেলা দেড়টার দিকে ইতালি থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়। শুল্ক বিভাগের দাবি, এই আট কেজি সোনার মূল্য প্রায় চার কোটি টাকা।