পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের খুব কাছেই অবস্থিত নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উত্কণ্ঠা প্রকাশ করেছে বিএনপি।
গতকাল নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমি গভীর উদ্বেগ-উত্কণ্ঠা ও আতঙ্কের সঙ্গে বলছি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো।
খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, সরকার ক্ষমতার জোরে এমন একটি কেমিকেল বিস্ফোরকবেষ্টিত ভয়ঙ্কর বারুদের ডিপোর মাঝখানে আতঙ্কজনক পরিবেশে তাকে এক বছর বন্দি রেখেছে। তাকে এক অশুভ উদ্দেশ্যে ভয়াবহ বিপজ্জনক পরিবেশে বন্দি করে রেখেছে শাসকগোষ্ঠী। আমাদের বক্তব্য এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি নির্দোষ, এই মুহূর্তে তার মুক্তি চাই। গত বুধবার রাতের অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ভবন, চকবাজারের চুড়িহাট্টার সেই ওয়াহেদ ম্যানশন থেকে নাজিমউদ্দিন রোডের পুরান কারাগারের দূরত্ব মাত্র দেড়শ’ থেকে দুইশ’ মিটার দাবি করেন রিজভী। রিজভী বলেন, অগ্নিকাণ্ডের দিন সারারাত চারদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিত্কার, রাসায়নিক বিস্ফোরণের ভয়ঙ্কর ও বিকট শব্দ গ্রাস করেছিল আশপাশের সকল এলাকা। তাকে (খালেদা জিয়া) ভয়ঙ্কর রকমের একটি পরিবেশের মধ্যে রাখা হয়েছে। অল্প দূরত্বে নির্ঘুম উত্কণ্ঠায় কেটেছে চরম অসুস্থ বেগম খালেদা জিয়ার।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, মীর আলী নেওয়াজ, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
