দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় তিন স্কুল ছাত্রসহ আটজন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় এক কিশোর মারা গেছে। তার নাম তানভীর (১৩)। গতকাল শনিবার বিকালে উত্তরার পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তানভীরের মামা সবুজ জানান, তিনি উত্তরা ১০ নম্বর সেক্টর ক্যানসার হাসপাতালের পাশে একটি বাসায় থাকেন। কিছুদিন আগে কুমিল্লার দাউদকান্দি থেকে তানভীর তার বাবা লাল মিয়ার সঙ্গে তাদের বাসায় বেড়াতে আসে। গতকাল শনিবার বিকালে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাত্ একটি বাস তানভীরকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানভীর একটি মাদ্রাসায় লেখাপড়া করত।
ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ত্রিশ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত শনিবার উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালীথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, এসপি গোল্ডেল লাইনের যাত্রী সাতক্ষীরার আল মামুন ও বাসের সহযোগী কালু মিয়া।
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে স্কুল ভ্যান চাপায় পরেশ মণ্ডল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলা সদর ইউনিয়নের চিংড়ীখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরেশ ওই গ্রামে সঞ্জয় মণ্ডলের ছেলে। সে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।
হবিগঞ্জ : ধুলিয়াখাল-মিরপুর সড়কে সদর উপজেলার গোপায়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক চাপায় মুন্না মিয়া (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। মুন্না গোপায়া গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে।
গৌরনদী (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল নামক এলাকায় যাত্রিবাহী বাস চাপায় ডিপজল দত্ত (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের দিপু দত্তের পুত্র ও একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত শনিবার এবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলায় এএনজেএম ইট ভাটার একটি মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলমসাধুচালক আলীহিম (৬০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের সাথী অটো রাইস মিল সংলগ্ন শুকুর আলী মাস্টারের পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। সে বাঁকা গোরস্থানপাড়ার মৃত পটল মণ্ডলের ছেলে।
চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশন থেকে বালুভর্তি ট্রলি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহিন (২৫) নিহত হয়েছেন। গত শনিবার শশীভূষণ থানার পানিরকল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শাহিন লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ গ্রামের মহসিনের ছেলে।
