বিশ্ব ফুটবলের প্রধান সেপ ব্লাটার বলেছেন, রাশিয়াকে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনে তার সংস্থা পূর্ণ সমর্থন দিবে এবং এর প্রস্তুতি নিয়ে ফিফা দারুন সন্তুষ্ট।
স্থানীয় এক ক্রীড়া সংবাদ সংস্থায় তিনি বলেছেন, রাশিয়ায় আগামী বিশ^কাপ আয়োজনে ফিফা নিঃস্বার্থ সমর্থন দিবে। গত মাসে কূটনৈতিক সূত্র জানিয়েছিল, ইউরোপীয়ান দেশগুলো ব্রিটিশদের সমর্থন নিয়ে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে বয়কট করবে। এর পিছনে অবশ্য পূর্ব ইউক্রেনের সহিংসতাকেই তারা সামনে নিয়ে এসেছিল। কিন্তু ব্লাটার জানিয়েছেন বয়কট কখনই কোন ইতিবাচক প্রভাব ফেলতে পারে না। আমাদের দেশ এবং সরকারের উপর বিশ্বাস রাখতে হবে। রাশিয়া বিশ্বের অন্যতম বড় একটি রাষ্ট্র। রাশিয়াকে আন্তর্জাতিক গণমাধ্যমের চোখ দিয়ে দেখতে হবে। ফুটবল রাশিয়াকে এক করতে পারবে না এটা সত্য। কিন্তু একটি বিষয় এখানে বি সামনে প্রমাণিত হবে যেকোন ধরনের বিরোধীতার চেয়ে বিশ্বকাপ আয়োজন অনেক বেশী শক্তিশালী।
ব্লাটার এ ব্যাপারে চলতি বছর রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক আয়োজনের বিষয়টিকে সামনে নিয়ে আসেন। সোচি গেমসকে সামনে রেখেও একই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছিল। কিন্তু গেমসের আগে তো নয়ই গেমসের পরেও এই আয়োজনের বিপক্ষে কেউ কোন কথা বলেনি।
ব্লাটার আরো জানিয়েছেন, ২০১৮ বিশ^কাপকে সামনে রেখে রাশিয়ার চলমান প্রস্তুতিতে তিনি দারুন খুশী। তিনি বলেন ব্রাজিলের সাথে তুলনা করলে আমাকে অবশ্যই বলতে হবে রাশিয়া বেশ খানিকটা এগিয়ে রয়েছে। গেমসের এখনো চার বছর বাকি থাকলেও রাশিয়ার প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।
২০১৮ সালের বিশ্বকাপের লোগো সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার মস্কো সফরে এসেছেন ব্লাটার। বিশ্বকাপের লোগোটি মস্কোর কিংবদন্তী বোলশোই থিয়েটারে প্রকাশ করা হবে। এখানে এসে ফিফা সভাপতি আরো বলেছেন ২০১৮ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচের একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের জার্মানী বিশ্বকাপেও এমন একটি উদ্যোগ গ্রহণ করা হলেও পরবর্তীতে তা কাজে আসেনি। কিন্তু এবারের আয়োজন নিয়ে ব্লাটার আশাবাদী। এখন পর্যন্ত মস্কোর তিনটি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন করা হয়েছে বলেও ফিফা সভাপতি জানিয়েছেন।
