সিরাজগঞ্জের এনায়েতপুরে আদালতে হাজিরা দিতে যাবার সময় বাদী পক্ষের হামলায় পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুর ঘাটে এই হামলায় ঘটনা ঘটে।
তারা হলেন- রেজাউল (৩৫), রাশেদ (২০), ইসমাইল (৩৫), সাইফুল ইসলাম (৩৫) এবং আব্দুস ছালাম (২৫)।
হামলায় আহতরা জানান, ধর্ষনের অভিযোগ এনে এনায়েতপুর থানার চালুহারা গ্রামের ওয়াহাব আলীর মেয়ে নাছিমা খাতুন বাদী হয়ে কলেজ ছাত্র রফিকুল ইসলাম রফিককে আসামি করে ১৩ মে আদালতে নারী নির্যাতন মামলা করে। এরপর মেয়ের চাচা রিয়াজ উদ্দিন বাদী হয়ে কলেজ ছাত্র রফিকুল ইসলাম রফিকসহ তার পরিবারের ১৪ জনকে আসামি করে ২ অক্টোবর আদালতে একটি শান্তি রক্ষা মামলা করে। এই মামলায় বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কোর্টে হাজিরা দিতে গেলে এনায়েতপুর ঘাটে বাদী পক্ষের লোকজন হামলা চালায়। এলাকার লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রেজাউল ও রাশেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। কেউ অভিযোগও করেনি। তবে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
