কেরানীগঞ্জে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮

কদমতলী সিএনজি স্ট্যান্ডে চালকরা সিন্ডিকেট করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জ যেতে ৪০০ টাকা ভাড়ার পরিবর্তে নিচ্ছে ৭৫০ টাকা।  যাত্রীরা বাড়তি টাকা না দিতে চাইলে প্রায় প্রতিদিনই তাদের সঙ্গে চালকদের হাতাহাতির ঘটনা ঘটছে। স্ট্যান্ডের বাইরের সিএনজি চালকরা ৪০০ টাকায় নবাবগঞ্জে যাত্রী নিয়ে যেতে চাইলে স্ট্যান্ডের সিএনজি চালকরা গাড়ি আটকে রেখে তাদেরকে মারধরসহ জরিমানা আদায় করে থাকে। ফলে তারাও অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হচ্ছে।

কদমতলী স্ট্যান্ডে কর্তব্যরত সার্জেন্ট আব্দুল আজিজ বলেন, অনেক চেষ্টা করেও ২৫০ টাকা বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে পারিনি। তিনি বলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালকদের বিরুদ্ধে জেল জরিমানা অব্যাহত রাখলে অচিরেই বাড়তি ভাড়া নেওয়া বন্ধ হবে।

নবাবগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আব্দুল বাতেন বলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ যথাযথ উদ্যোগ নিলে কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জগামী অটোরিকশাগুলো ৪০০ টাকা ভাড়া নিতে বাধ্য হবে।