টেকনাফে ১০টি দোকান পুড়ে গেছে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ০১:৫১

বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন, ছৈয়দ আলম, ছালামত উল্লাহ, শামশুল আলম, ছৈয়দ আলম বাগু, ছৈয়দুল আমিন, মো. আলম, মো. সিকদার ও মো. রিদওয়ান। তাঁদের টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার হীলা বাসস্টেশন এলাকার ছমি উদ্দিন মার্কেটে ছৈয়দ আলম বাগুর মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দুই ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের দাবি, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে টেকনাফ ফায়ার স্টেশনের কর্মকর্তা কৃতি রঞ্জন বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের একটি মুদিদোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।