কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও জামায়াতের আমীর আটক

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১৭:৩৭
 
 
নাশকতা পরিকল্পনার অভিযোগে  বাগেরহাটের  কচুয়া থেকে ছাত্রদল ও জামায়াত ইসলামীর দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এ সময় এই দুই নেতার কাছে কিছু পায়নি পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে এই দুই নেতাকে তাদের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার বিকালে কচুয়া থানার দায়েরকৃত দুটি মারামারির মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি সিকদার মশিউর রহমান মুক্তা (২৮) এবং একই উপজেলার বাধাল ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি শেখ নুরুল ইসলাম (৪৬)। এরমধ্যে ছাত্রদল নেতা  মশিউর রহমানের বাড়ি কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে এবং জামায়াত নেতা নুরুল ইসলামের বাড়ি উপজেলার সাংদিয়া গ্রামে।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, জামায়াত ইসলামীর ডাকা হরতালে ওই দুই নেতা এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল এমন গোপণ খবরের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত আড়াইটার দিকে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তবে এসময় এই দুই নেতার কাছে কিছু পাওয়া যায়নি। শুক্রবার বিকালে কচুয়া থানায় আগের দায়েরকৃত দুটি মারামারির মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, সরকারী দলকে খুশি করতে পুলিশ উপজেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান মুক্তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে। তিনি মুক্তার বিরুদ্ধে করা মিথ্যা প্রত্যাহার করে তাঁর নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন।