বিএনপি মাজাভাঙা দল: ত্রাণমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ২১:০৯
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি একটা মাজাভাঙা দল। ঢাকা দখলের ক্ষমতা তাদের আগেও ছিল না, এখনো নেই।
শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে এই যৌথ সভার আয়োজন করা হয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন— ঢাকা যার, ক্ষমতা তার। এটা কিন্তু বুঝতে হবে। তিনি বলেন, বিএনপির জোটবন্ধু জামায়াতও আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর জামায়াত আরো নির্জীব হবে। তবে এদের দু-একটা সন্ত্রাসী আছে। তাদের চিরতরে ধ্বংস করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।