বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, ইসলাম ও শরিয়ত মোতাবেক কিছুতেই হারাম উপার্জন করা যাবে না। হারাম খাওয়া যাবে না। ব্যবসা হচ্ছে হালাল এবং রাসুল (সা.) এর সুন্নত। কিন্তু ইয়াবা ব্যবসা করা যাবে না, তা হারাম। গতকাল রবিবার পৌরসভায় মৌলভীরচরস্থ মারকাযুদ দাওয়াহ ওয়াল-ইরশাদ (খানাকাহ শাইখুল ইসলাম) চকরিয়ার আয়োজনে ইসলামি জোড় ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আল্লামা শফি আরও বলেন, মুসলমান হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে দুই লাখ ৮৮ হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই মুসলমানদের জন্য নামাজ বাধ্যতামূলক। সহি মুসলমান হতে হলে মুখে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখাও সুন্নত। তিনি বর্তমান প্রজন্মকে ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানতে মাদরাসায় পড়ানোর আহ্বান জানান। এর আগে মারকাযুদ দাওয়াহ ওয়াল-ইরশাদ শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাওলানা মোস্তফা নুরীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, মাওলানা শোহাইব নোমানী, মাওলানা নুরুস সোলতান, মাওলানা হাফেজ মুজিবুল হক প্রমুখ।
