পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান একটা পরমাণু বোমা ফেললে ভারত ২০টা ফেলবে এবং পাকিস্তানকে ধ্বংস করে দেবে। তাই নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক যতোই বিপজ্জনক পর্যায়ে যাক, আগে পাকিস্তানের পরমাণু হামলা চালানো উচিত নয়। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতকে আক্রমণ করতে হলে অন্তত ৫০টি পরমাণু বোমা প্রথমেই ফেলতে হবে যাতে ভারত ২০টা পরমাণু বোমা ফেলার আগেই ধ্বংস হয়ে যায়। এই ৫০টি বোমা নিয়ে আগে হামলা করতে আপনারা (পাকিস্তান) কি প্রস্তুত? কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশি দেশেই যুদ্ধের আবহ। এরই মধ্যে মুখ খুললেন পারভেজ মোশাররফ। -ডন
