জামায়াতের দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার হরতাল শুরু রবিবার

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৯:৪৮
 
 
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের দ্বিতীয় দফার হরতাল শুরু হচ্ছে রবিবার। সকাল ৬টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল চলবে। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত একই কারণে হরতাল ডাকে জামায়াত। গত বুধবার নিজামীর রায়ের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান দুই দফার ৭২ ঘণ্টার এ হরতালের এই কর্মসূচির ঘোষণা দেন।
এ দিকে, রবি ও সোম বারের হরতাল পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির স্টিয়ারিং কমিটি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির কর্মকর্তাদের এক জরুরি যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণ, মহাসচিব মো. শাহ আলম খন্দকার এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, দোকান মালিক/ব্যবসায়ীদের শীতের ব্যবসার ক্ষতি করার জন্য যে হরতাল আহ্বান করা হয়েছে, তা প্রত্যাখ্যান করে রবি ও সোমবার অর্থাত্ হরতালের সময় দোকান খোলা হবে। প্রত্যেক মার্কেট কমিটি, জেলা কমিটি ও মহানগর কমিটিকে তাদের নিজস্ব নিরাপত্তা জোরদারের পরমর্শ দেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।