ইরাকের রাজধানী বাগদাদাদে শনিবার দফায় দফায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। শিয়া মুসলিমদের পবিত্র আশুরার মাত্র কয়েক দিন আগে এ ঘটনা ঘটেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণাঞ্চলগামী একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্রাকের বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ২০ জন নিহত ও কমপক্ষে ৫৩ জন আহত হয়।
নিরাপত্তা কর্মকর্তারা এই এলাকায় কেবল একটি আত্মঘাতী বোমা হামলার কথা বললেও এক মেডিক্যাল কর্মকর্তা জানান, পার্শ্ববর্তী ইউসিফিয়া অঞ্চলেও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার আশুরা উপলক্ষে বাগদাদের দক্ষিণাঞ্চলে শিয়া মুসল্লীদের আপ্যায়নের জন্য নির্মিত একটি তাঁবুর কাছে প্যালেসটাইন সড়কে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়।
শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় নেতা ইমাম হোসেনের ওফাত উপলক্ষে হাজার হাজার মুসল্লী পবিত্র আশুরা পালন করেন। গত বছর আশুরাকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় বহু লোক নিহত হয়।
তবে ইসলামিক স্টেট (আইএস) ইরাকের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ করায় এবার হামলার আশংকা অনেক বেশি রয়েছে। আইএস শিয়াদের বিধর্মী মনে করে এবং প্রায়ই তাদের ওপর হামলা চালায়।
